জান্নাতে রাত-দিন না থাকলে হাদিসে উল্লেখিত জান্নাতের জুমার দিন বা সকাল-সন্ধ্যা হওয়া কিভাবে সম্ভব হবে?

প্রশ্নকারী: সাইফুল বিন এছাক প্রশ্নের তারিখ: 10 Nov 2026 উত্তরের তারিখ: 10 Nov 2026 6

প্রশ্ন

জান্নাতে তো রাত থাকবে না তাহলে এই বিষয়টি কেন আসলো যে প্রতি জুমার দিন মানুষ একসাথে দেখা করবে একটি বাজারে, এবং মানুষ সকাল-সন্ধ্যা আল্লাহর সাথে দেখা করবেন এরকম ধরনের আরেকটি আছে যদিও আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারতেছি না আপনি হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। জান্নাতে যদি রাতের বিষয়টা না থাকে তাহলে দিনের গণনা কেন আসলো, আমি যতটুকু জানি জান্নাতে তো কোন রাত থাকবে না সময়ের দিন থাকবে আলো থাকবে এমনই।

উত্তর

জান্নাতে দুনিয়ার মতো 'দিন' ও ‘রাত' থাকবে না। সেখানে দুনিয়ার মতো সূর্য ডুবে যাওয়ার ফলে সৃষ্ট কোনো অন্ধকার থাকবে না। কারণ জান্নাতে সূর্য বা চাঁদের আলোর কোনো প্রয়োজন নেই, বরং আরশের নূর ও জান্নাতের নিজস্ব জ্যোতিতে তা সবসময় আলোকিত থাকবে { বিস্তারিত জানতে দেখুনঃ https://www.islamweb.net/en/fatwa/27567/ }। কিন্তু অন্ধকার রাত না থাকার অর্থ এই নয় যে, সেখানে সময়ের কোনো প্রবাহ বা পরিমাপ (Time interval) থাকবে না।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “আর সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য রিজিক থাকবে” (সূরা মারইয়াম: ৬২)। জান্নাতে সকাল-সন্ধ্যার সময়ের ব্যবধান ঠিকই থাকবে এবং জান্নাতবাসীরা বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তা বুঝতে পারবেন।

 

শায়খ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আর-রাজিহি (র.) উল্লেখ করেছেন, 

 وفيه أنهم يأتون سوقًا ليس فيها بيع ولا شراء في كل جمعة، يعني: بمقدار كل جمعة؛ لأنه ليس في الجنة ليل ولا نهار، بل نور مضطرد، كما قال الله تعالى: ﴿لا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلا زَمْهَرِيرًا﴾ وأما قوله تعالى: ﴿وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا﴾ فهو يعني: بمقدار بكرةٍ وعشيٍّ.
অর্থঃ "এতে আরও প্রমাণিত হয় যে, তারা প্রতি জুমুয়াহতে এমন এক বাজারে সমবেত হবেন যেখানে কোনো কেনা-বেচা নেই। 'প্রতি জুমুয়াহতে' মানে হলো জুমুয়াহর সময়ের পরিমাণ অনুযায়ী; কারণ জান্নাতে কোনো দিন বা রাত নেই, বরং সেখানে রয়েছে চিরস্থায়ী ও অবিরাম আলো। যেমন আল্লাহ তাআলা বলেছেন: "তারা সেখানে রোদ (সূর্যের প্রখরতা) দেখবে না এবং অতিশয় ঠান্ডাও দেখবে না।" আর আল্লাহ তাআলার বাণী: "সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য রিযিক রয়েছে" - এর অর্থ হলো সকাল ও সন্ধ্যার সময়ের পরিমাণ অনুযায়ী।"

- তাওফিকুর রব্বিল মুন’ইমি বিশারহি সহীহিল ইমামি মুসলিম – আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আর-রাজিহি, খণ্ড ৮, পৃষ্ঠা ১৭৪
https://app.turath.io/book/11?page=4290

ফাতাওয়া শাবকাতুল ইসলামে বলা হয়েছে -

فليس في الجنة ليل ونهار لأن الجنة نور دائم. قال القرطبي: قال العلماء: ليس في الجنة ليل ونهار، وإنما هم في نور دائم أبدًا، وإنما يعرفون مقدار الليل بإرخاء الحجب وإغلاق الأبواب، ويعرفون مقدار النهار برفع الحجب وفتح الأبواب. ذكره أبو الفرج ابن الجوزي.
وقال ابن كثير في تفسير قوله تعالى (وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا* تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا) (مريم:٦٣)
أي في مثل وقت البكرات ووقت العشيات لا أن هناك ليلًا ونهارًا، ولكنهم في أوقات تتعاقب يعرفون مضيها بأضواء وأنوار.
ويقول ابن تيمية في هذا الموضوع: والجنة ليس فيها شمس ولا قمر ولا ليل ولا نهار؛ لكن تعرف البكرة والعشية بنور يظهر من قبل العرش.
অর্থঃ "জান্নাতে দিন ও রাত নেই, কারণ জান্নাত হলো চিরস্থায়ী নূর। আল-কুরতুবী বলেছেন: উলামায়ে কেরাম বলেছেন, জান্নাতে কোনো দিন ও রাত নেই, বরং তারা সর্বদা চিরস্থায়ী নূরের মধ্যে থাকবে। তারা পর্দার অবতরণ এবং দরজা বন্ধ করার মাধ্যমে রাতের সময়ের পরিমাণ বুঝতে পারবে, আর পর্দা উত্তোলন এবং দরজা খোলার মাধ্যমে দিনের সময়ের পরিমাণ উপলব্ধি করতে পারবে। এটি আবুল ফারাজ ইবনুল জাওজী (র.) উল্লেখ করেছেন। ইবনে কাসীর (র.) মহান আল্লাহর এই বাণীর তাফসীরে বলেনঃ "সেখানে তাদের জন্য সকাল ও সন্ধ্যায় রিযিক রয়েছে। এই হলো সেই জান্নাত, যার উত্তরাধিকারী আমি আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকীদের করি।" (সূরা মারইয়াম: ৬২-৬৩) অর্থাৎ সকাল এবং সন্ধ্যার মতো সময়ে; এর অর্থ এই নয় যে সেখানে রাত ও দিন আছে, বরং তারা ধারাবাহিক কিছু সময়ের মধ্যে থাকবে যার অতিবাহিত হওয়া তারা বিভিন্ন আলো ও নূরের মাধ্যমে বুঝতে পারবে। ইবনে তাইমিয়া (র.) এই বিষয়ে বলেনঃ "জান্নাতে কোনো সূর্য, চন্দ্র, রাত বা দিন নেই; তবে আরশের দিক থেকে প্রকাশিত একটি নূরের মাধ্যমে সকাল ও সন্ধ্যা চেনা যাবে।" "

- ফাতাওয়া শাবকাতুল ইসলাম (Islamweb) , খণ্ড ১, পৃষ্ঠা ২৩২৯
https://app.turath.io/book/27107?page=2332

 

— মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার

আপনার প্রশ্ন করুন

প্রশ্ন করুন

আপনার প্রশ্ন করুন

ইসলাম সম্পর্কে আপনার প্রশ্ন করুন, আমরা দলিলভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন করুন