বদনজর কি সত্য? হাদিসে কি লিঙ্গ ধোয়া পানি দিয়ে বদনজরের চিকিৎসা করতে বলা হয়েছে?

বদনজর কি সত্য? হাদিসে কি লিঙ্গ ধোয়া পানি দিয়ে বদনজরের চিকিৎসা করতে বলা হয়েছে?

38 বার দেখা হয়েছে
শেয়ার করুন:
শর্ট লিংক

 

অভিযোগঃ

ইসলামে বদনজর নামক অবাস্তব বিষয়ে বিশ্বাস করা হয়। নবী মুহাম্মাদ (ﷺ) এই কথিত বদনজরের চিকিৎসার জন্য পুরুষের লিঙ্গ ধোয়া পানি ব্যবহার করতে বলেছেন যা একটি অত্যন্ত অরুচিকর বিষয়।

 

জবাবঃ

 

বদনজর সম্পর্কে ইসলামের অবস্থানঃ

নবী মুহাম্মাদ (ﷺ) এর হাদিসে সুস্পষ্টভাবে বদনজরকে বাস্তব বিষয় বলে উল্লেখ করা হয়েছে।

 

 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْعَيْنُ حَقٌّ وَنَهٰى عَنِ الْوَشْمِ.

অর্থঃ “নবী ﷺ বলেছেনঃ বদ নযর লাগা সত্য। আর তিনি উল্কি অংকন করতে নিষেধ করেছেন।” [1]

 

 فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏

অর্থঃ “… কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।” [2]

 

এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারে, বদনজর কী করে অন্য কারো ক্ষতি করতে পারে?

এই প্রসঙ্গে মুহাদ্দিসগণ আলোচনা করেছেন। শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম আত-তুওয়াইজিরী (হাফি.) মাওসু'আতুল ফিকহিল ইসলামীতে উল্লেখ করেছেন—-

 

كَيْفِيَّةُ الْإِصَابَةِ بِالْعَيْنِ:

الْعَيْنُ الَّتِي تُصِيبُ بَنِي آدَمَ نَتِيجَةٌ مِنْ نَتَائِجِ الْحَسَدِ، أَوْ انْبِهَارٍ شَدِيدٍ بِمَا يَرَى الْعَائِنُ، مَعَ غَفْلَةٍ عَنْ ذِكْرِ اللَّهِ تَعَالَى، وَقَدْ يَتْبَعُهَا شَيْطَانٌ مِنْ شَيَاطِينِ الْجِنِّ.

وَالْعَيْنُ تُصِيبُ الْمَحْسُودَ تَارَةً، وَتُخْطِئُهُ تَارَةً، فَإِنْ صَادَفَتْهُ حَذِرًا مُحَصَّنًا لَا مَنْفَذَ فِيهِ لِلسِّهَامِ لَمْ تُؤَثِّرْ فِيهِ، وَإِنْ صَادَفَتْهُ مَكْشُوفًا لَا وِقَايَةَ عَلَيْهِ أَثَّرَتْ فِيهِ وَلَا بُدَّ.

وَتَحْصُلُ الْإِصَابَةُ بِالْعَيْنِ بِأَنْ يُطْلِقَ الْعَائِنُ الْوَصْفَ عَلَى مَنْ يُرِيدُ بِدُونِ ذِكْرِ اسْمِ اللَّهِ تَعَالَى وَلَا تَبْرِيكٍ، فَتَتَلَقَّفُهُ الْأَرْوَاحُ الشَّيْاطِينِيَّةُ الْحَاضِرَةُ، وَتَعْمِدُ إِلَى إِهْلَاكِ الْمَعْيُونِ أَوْ إِيذَائِهِ، لَكِنْ ذَلِكَ لَا يَحْصُلُ إِلَّا بِإِذْنِ اللَّهِ (عَزَّ وَجَلَّ).

অর্থঃ “বদনজর লাগার প্রক্রিয়াঃ
মানুষের ওপর যে বদনজর লাগে, তা মূলত হিংসার অন্যতম ফল, অথবা কোনো বস্তুর প্রতি নজরকারীর (যে নজর দেয়) চরম মুগ্ধতা ও বিস্ময়ের বহিঃপ্রকাশ, যখন সে মহান আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে। আর অনেক সময় এর পেছনে জিন শয়তানদের কোনো শয়তানও যুক্ত হয়ে পড়ে।

 

বদনজর কখনো আক্রান্ত ব্যক্তিকে আঘাত করে, আবার কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। যদি এটি তাকে এমন অবস্থায় পায় যে সে সতর্ক ও [আল্লাহর যিকিরের দ্বারা] সুরক্ষিত এবং [বদনজরের] তীরের প্রবেশের কোনো পথ নেই, তবে তা তার ওপর প্রভাব ফেলে না। আর যদি তাকে অরক্ষিত অবস্থায় পায় যার কোনো সুরক্ষা নেই, তবে অবশ্যই তা তার ওপর প্রভাব ফেলে। বদনজর লাগার বিষয়টি তখনই ঘটে যখন নজরদাতা মহান আল্লাহর নাম উল্লেখ না করে অথবা বরকতের দোয়া (যেমনঃ মাশাআল্লাহ, বারাকাল্লাহ) না করে তার কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো বর্ণনা দেয়। তখন উপস্থিত শয়তানী আত্মাসমূহ (জিন) তা লুফে নেয় এবং নজরলাগা ব্যক্তিকে ধ্বংস বা কষ্ট দেওয়ার চেষ্টা করে। তবে মহান ও মহিমান্বিত আল্লাহর অনুমতি ব্যতিত তা ঘটে না।” [3]

 

এ প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়িম জাওযিয়্যাহ (র.) উল্লেখ করেছেন—

 

وَذَلِكَ بِسَبَبِ أَمْرٍ طَبِيعِيٍّ اقْتَضَتْهُ حِكْمَةُ اللَّهِ سُبْحَانَهُ، فَإِنَّ النَّفْسَ الْأَمَّارَةَ لَهَا بِهَذِهِ الْمَوَاضِعِ تَعَلُّقٌ وَإِلْفٌ، وَالْأَرْوَاحُ الْخَبِيثَةُ الْخَارِجِيَّةُ تُسَاعِدُهَا، وَتَأْلَفُ هَذِهِ الْمَوَاضِعَ غَالِبًا لِلْمُنَاسَبَةِ بَيْنَهَا وَبَيْنَهَا. فَإِذَا غُسِلَتْ بِالْمَاءِ طَفِئَتْ تِلْكَ النَّارِيَّةُ مِنْهَا كَانْطِفَاءِ الْحَدِيدِ الْمُحْمَى بِالْمَاءِ، فَإِذَا صُبَّ ذَلِكَ الْمَاءُ عَلَى الْمُصَابِ طَفِئَتْ عَنْهُ تِلْكَ النَّارِيَّةُ الَّتِي وَصَلَتْ إِلَيْهِ مِنَ الْعَائِنِ. وَقَدْ وَصَفَ الْأَطِبَّاءُ الْمَاءَ الَّذِي يُطْفَأُ فِيهِ الْحَدِيدُ لِآلَامٍ وَأَوْجَاعٍ مَعْرُوفَةٍ.

অর্থঃ “আর এটি একটি স্বাভাবিক বিষয়ের কারণে হয়ে থাকে, যা মহান আল্লাহর প্রজ্ঞা ও হিকমতের দাবি। কেননা কুমন্ত্রণাদাতা প্রবৃত্তি বা নফসে আম্মারাহর এই অঙ্গ বা স্থানগুলোর সাথে এক ধরণের সংযুক্তি ও আসক্তি থাকে। আর বাইরের খবিস বা পাপিষ্ঠ আত্মাসমূহ (জিন শয়তান) তাকে সাহায্য করে থাকে। উভয়ের (কুমন্ত্রণাদাতা প্রবৃত্তি ও শয়তান) মধ্যে পারস্পরিক মিল থাকার কারণে তারা সাধারণত এই স্থানগুলোতে অবস্থান করতে পছন্দ করে। অতঃপর যখন এগুলো পানি দিয়ে ধৌত করা হয়, তখন তার ভেতরের সেই উত্তপ্ত অগ্নিতাভ ভাবটি নিভে যায়; ঠিক যেভাবে উত্তপ্ত লোহাকে পানিতে ডোবালে তা ঠাণ্ডা হয়ে যায়। সুতরাং সেই ধৌত করা পানি যখন আক্রান্ত ব্যক্তির ওপর ঢালা হয়, তখন নজরকারীর পক্ষ থেকে তার শরীরে যে অগ্নিপ্রভাব (কুনজরের তেজ) পৌঁছেছিল, তা দূর হয় বা নিভে যায়। চিকিৎসকরাও নির্দিষ্ট কিছু রোগ ও ব্যথানাশের জন্য এমন পানির পরামর্শ দিয়ে থাকেন, যার মধ্যে (উত্তপ্ত) লোহা নিভিয়ে ঠাণ্ডা করা হয়েছে।” [4]

 

বদনজর লাগার সম্ভাবনা তখন থাকে, যখন কোনো বিষয়ের প্রতি মানুষ হিংসা বা মুগ্ধতাপূর্ণ দৃষ্টি দেয় অথবা এভাবে সেই বিষয়টির উল্লেখ করে। মুহাদ্দিসদের ব্যাখ্যা [5] অনুসারে কোনো বিষয়ে এই হিংসা বা মুগ্ধতাপূর্ণ দৃষ্টি/উল্লেখ জিন শয়তানের মাধ্যমে ‘বদনজর’ হিসেবে কার্যকর হয়। এবং এর দ্বারা মানুষের ক্ষতি হয়। তবে শতভাগ হিংসা বা মুগ্ধতাপূর্ণ দৃষ্টির দ্বারাই যে নজর লাগে – বিষয়টি এমন নয়। তা না হলে পৃথিবীর অধিকাংশ আকর্ষণীয় জিনিসই বদনজরের প্রভাবে ধ্বংস হয়ে যেতো। বরং কিছু ক্ষেত্রে জিন-শয়তানের দ্বারা এটি ঘটা সম্ভব। আল্লাহর স্মরণ, মা শা আল্লাহ, বারাকাল্লাহ ইত্যাদি বলার দ্বারা জিন-শয়তান ও বদনজরের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।

 

আধুনিক বস্তুবাদী ও নাস্তিক্যবাদী মহলে মুসলিমদের বদনজরে বিশ্বাস নিয়ে প্রায়ই উপহাস বা সংশয় প্রকাশ করা হয়। মানুষের হিংসাত্মক বা বিস্ময়মাখা দৃষ্টির সাথে জিন-শয়তানের সংযোগ ঘটা এবং এর ফলে অন্য একজন মানুষ শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিকে নাস্তিকরা ‘অবৈজ্ঞানিক কুসংস্কার’ বলে উড়িয়ে দিতে চায়। তাদের মূল যুক্তি দু’টিঃ এক, জিন বা শয়তান বলে কোনো কিছুর অস্তিত্ব ল্যাবরেটরিতে প্রমাণিত নয়; দুই, একজন মানুষের নিছক চোখের দৃষ্টি কীভাবে কোনো ভৌত সংস্পর্শ ছাড়াই অন্যের শরীরের ক্ষতি করতে পারে?

 

আপাতদৃষ্টিতে এই প্রশ্নগুলোকে খুব যুক্তিবাদী মনে হলেও জ্ঞানতাত্ত্বিক (Epistemological) ও দার্শনিক বিশ্লেষণে দেখা যায় নাস্তিকদের এই আপত্তিগুলোও কোনো নিরেট বৈজ্ঞানিক প্রমাণের ওপর প্রতিষ্ঠিত নয়। বরং এটা তাদের কট্টর বস্তুবাদের ফসল। নাস্তিকদের প্রথম বিভ্রান্তি হলো তারা বিজ্ঞান (Science) এবং বিজ্ঞানবাদকে (Scientism) এক করে ফেলে। [6] বিজ্ঞানের কাজ হলো ভৌত বা জড় জগতকে (Physical World) ইন্দ্রিয় ও যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা। কিন্তু "পঞ্চইন্দ্রিয় বা ভৌত যন্ত্রের বাইরে কোনো অস্তিত্ব নেই" - এই দাবিটি নিজেই কোনো বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে প্রমাণিত সত্য নয়, বরং এটি একটি অন্ধ দার্শনিক বিশ্বাস।

 

মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের আগে হাজার বছর ধরে মানুষ ব্যাকটেরিয়া বা ভাইরাস চোখে দেখেনি। তখন যদি কেউ দাবি করত, "যেহেতু খালি চোখে জীবাণু দেখা যায় না, তাই একজনের সংস্পর্শে আরেকজনের প্লেগ বা কলেরা হওয়াটা কুসংস্কার" - তবে তা চরম মূর্খতা হতো। বর্তমানে জড় পদার্থ মাপার যন্ত্র দিয়ে আধিভৌতিক বা শক্তিধর্মী সত্তা ‘জিন’-কে খুঁজে পাওয়া না যাওয়ার অর্থ এই নয় যে জিনের অস্তিত্ব থাকা অসম্ভব। নাস্তিকরা বদনজরকে সাধারণ কুসংস্কারের (যেমন কালো বিড়াল দেখলে অমঙ্গল হওয়া) কাতারে ফেলতে চায়। অথচ কুসংস্কার হলো কার্যকারণহীন অন্ধবিশ্বাস, আর ইসলামী দৃষ্টিকোণ থেকে বদনজর হল জিন-শয়তানের সংযোগে কার্যকারণগত এক প্রক্রিয়া।

 

কেউ কেউ হয়তো বলতে পারেনঃ তাহলে কেউ যদি আপনাকে ভূত-প্রেত-শাকচুন্নী প্রমাণহীন যে কোনো জিনিসকেই এইভাবে বিশ্বাস করতে বলে, আপনি কি বিশ্বাস করবেন?

উত্তর হলঃ না। এবং আমরা বদনজরের বিষয়টিকেও আদৌ প্রমাণহীনভাবে বিশ্বাস করছি না।

আমাদের নিকট ইসলামের সত্যতা অনেকভাবে প্রমাণিত। আমাদের নিকট আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) হচ্ছেন সর্বোচ্চ কর্তৃপক্ষ বা অথোরিটি। যেহেতু আল্লাহর পক্ষ থেকে তাঁর রাসুল (ﷺ) বদনজর, জিন ইত্যাদি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন – আমরা তা বিশ্বাস করি, আমাদের নিকট তা প্রমাণিত সত্য। ইসলামের সত্যতার প্রমাণ নিয়ে আলাদা পরিসরে আলোচনা হতে পারে।

 

ইসলাম কি বদনজরের চিকিৎসায় লিঙ্গ ধোয়া পানি ব্যবহার করতে বলে?

 

এই দাবির স্বপক্ষে ইসলামবিরোধী নিম্নের হাদিস উল্লেখ করেঃ

 

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلاَ جِلْدَ مُخَبَّأَةٍ ‏.‏ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلاً صَرِيعًا ‏.‏ قَالَ ‏"‏ مَنْ تَتَّهِمُونَ بِهِ ‏"‏ ‏.‏ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ ‏.‏ قَالَ ‏"‏ عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ ‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الإِنَاءَ مِنْ خَلْفِهِ ‏‏

অর্থঃ "আবূ উমামা ইবনে হুনাইফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমের ইবনে রবীআ (রাঃ) সাহল ইবনে হুনাইফ (রাঃ)-র নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। আমের (রাঃ) বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানশীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি, যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল (রাঃ) বেহুঁশ হয়ে পড়ে গেলেন। তাকে নবী (ﷺ) -এর নিকট নিয়ে যাওয়া হলো এবং তাঁকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বললো, আমের ইবনে রবীআকে। তিনি বলেনঃ তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন, অতঃপর আমেরকে উযু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল , দু’ হাত কনুই পর্যন্ত, দু’ পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের পানি সকলের উপর ঢেলে দেয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেয়ার জন্য আমেরকে নির্দেশ দেন।" [7]

 

 عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّهُ قَالَ رَأَى عَامِرُ بْنُ رَبِيعَةَ سَهْلَ بْنَ حُنَيْفٍ يَغْتَسِلُ فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخْبَأَةٍ فَلُبِطَ سَهْلٌ فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي سَهْلِ بْنِ حُنَيْفٍ وَاللَّهِ مَا يَرْفَعُ رَأْسَهُ فَقَالَ هَلْ تَتَّهِمُونَ لَهُ أَحَدًا قَالُوا نَتَّهِمُ عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامِرًا فَتَغَيَّظَ عَلَيْهِ وَقَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ أَلَّا بَرَّكْتَ اغْتَسِلْ لَهُ فَغَسَلَ عَامِرٌ وَجْهَهُ وَيَدَيْهِ وَمِرْفَقَيْهِ وَرُكْبَتَيْهِ وَأَطْرَافَ رِجْلَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ فِي قَدَحٍ ثُمَّ صُبَّ عَلَيْهِ فَرَاحَ سَهْلٌ مَعَ النَّاسِ لَيْسَ بِهِ بَأْسٌঅর্থঃ "আবূ উসামা ইবন সহল (রহঃ)-এর রেওয়ায়ত, ’আমির ইবনে রবী’আ সহল ইবনে হানীফকে গোসল করিতে দেখিয়া বলিলেন, আজ আমি যেই সুন্দর মানুষ দেখিলাম, এই রকম কাহাকেও দেখি নাই, এমন কি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট দেখি নাই। (আমিরের) এই কথা বলার সাথে সাথে সহল সেখানে লুটাইয়া পড়িল। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে হাযির হইয়া আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি সহল ইবনে হুনাইফ (বা হানীফ)-এর কিছু খবর রাখেন কি? আল্লাহর কসম! সে মস্তক উত্তোলন করিতে পারিতেছে না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তুমি কি মনে করিতেছ যে, তাহাকে কেহ বদনজর দিয়াছে লোকটি বলিল, হ্যাঁ, আমর ইবন রবী’আ (বদনজর দিয়াছে)। অতঃপর (ﷺ) ’আমির ইবন রবী’আকে ডাকিয়া ক্রোধান্বিত হইয়া তাহাকে বলিলেন, তোমাদের কেহ নিজের মুসলিম ভাইকে কেন নিহত করিতেছ? তুমি (بارك الله) কেন বলিলে না? এইবার তুমি তাহার জন্য গোসল কর। অতএব আমির হাত, মুখ, হাতের কনুই, হাটু, পায়ের আশেপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধৌত করিয়া ঐ পানি একটি বরতনে জমা করিল। সেই পানি সহলের দেহে ঢালিয়া দেওয়া হইল। অতঃপর সদল সুস্থ হইয়া গেল এবং সকলের সঙ্গে রওয়ানা হইল।" [8]

 

আমরা দেখলাম, হাদিসে একটি ঘটনার মাঝে বদনজর প্রদানকারীকে ওযু করতে বলা হয়েছে। তিনি ওযু করেছেন এবং “দাখিলাতা ইযার” (মূল আরবিতে) ধৌত করেছেন, এবং সেই পানি দ্বারা নজর লাগা ব্যক্তিকে গোসল করানো হয়েছে। এই “দাখিলাতা ইযার” দ্বারা আসলেই কি লিঙ্গ বা লজ্জাস্থানকে বোঝায়? আলোচ্য হাদিস প্রসঙ্গে ইমাম নববী(র.) বলেছেন—

 

 قَالَ الْعُلَمَاءُ الِاسْتِغْسَالُ أَنْ يُقَالَ لِلْعَائِنِ وَهُوَ النَّاظِرُ بِعَيْنِهِ بِالِاسْتِحْسَانِ اغْسِلْ دَاخِلَةَ إزَارِكَ مِمَّا يَلِي الْجِلْدَ بِمَاءٍ ثُمَّ يُصَبُّ ذَلِكَ الْمَاءُ عَلَى الْمَعِينِ

অর্থঃ “আলেমগণ বলেছেন, ‘আল ইসতিগসাল’ (বদনজর কাটানোর গোসল) হলো, নজর প্রদানকারী ব্যক্তিকে বলা হবে যে, সে যেন তার ইজারের (লুঙ্গির) ভেতরের অংশ, যা শরীরের চামড়ার সাথে লেগে থাকে, তা পানি দিয়ে ধুয়ে ফেলে। অতঃপর সেই পানি নজর লাগা ব্যক্তির ওপর ঢেলে দেওয়া হবে।” [9]

 

ইমাম নববী(র.) আরো বলেনঃ

 

 وَقَدْ ظَنَّ بَعْضُهُمْ أَنَّ دَاخِلَةَ الْإِزَارِ كِنَايَةٌ عَنِ الْفَرْجِ وَجُمْهُورُ الْعُلَمَاءِ عَلَى مَا قَدَّمْنَاهُ

অর্থঃ "আর তাদের কেউ কেউ ধারণা করেছে যে, 'দাখিলাতাল ইযার' (লুঙ্গির ভিতরের অংশ) দ্বারা লজ্জাস্থানকে রূপকভাবে বোঝানো হয়েছে, কিন্তু অধিকাংশ আলেম (জমহুর) সে মতের উপর আছেন যা আমরা আগে উল্লেখ করেছি।" [10]

 

এ প্রসঙ্গে ইমাম আবুল ওয়ালিদ আল বাজি(র.) বলেছেন,

 

 وَأَمَّا دَاخِلَةُ إزَارِهِ فَهُوَ الطَّرَفُ الْمُتَدَلِّي الَّذِي يُفْضِي مِنْ مِئْزَرِهِ إلَى جِلْدِهِ كَأَنَّهُ إنَّمَا يَمُرُّ بِالطَّرَفِ الْأَيْمَنِ عَلَى الْأَيْسَرِ حَتَّى يَشُدَّهُ بِذَلِكَ الطَّرَفِ الْمُتَدَلِّي الَّذِي يَكُونُ مِنْ دَاخِلٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى عَنْ ابْنِ نَافِعٍ: لَا يَغْسِلُ مَوْضِعَ الْحُجْزَةِ مِنْ دَاخِلِ الْإِزَارِ وَإِنَّمَا يَغْسِلُ الطَّرَفَ الْمُتَدَلِّيَ

অর্থঃ “আর তার (নজর প্রদানকারীর) “দাখিলাতা ইযারিহি” [তার লুঙ্গির ভেতরের অংশ] বলতে সেই ঝুলন্ত প্রান্তকে বোঝায় যা তার লুঙ্গির ভেতর দিক থেকে চামড়া পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি এমন যে সে (লুঙ্গি পরার সময়) ডান দিকের প্রান্তকে বাম দিকের ওপর দিয়ে অতিক্রম করায়, যতক্ষণ না সেটিকে সেই ঝুলন্ত প্রান্ত দিয়ে মজবুতভাবে বাঁধে যা ভেতর দিকে থাকে। ইবন নাফির সূত্রে ইয়াহইয়া বিন ইয়াহইয়া বলেছেনঃ সে ব্যক্তিটি তার লুঙ্গির ভেতরের গিঁট দেওয়ার স্থানটি ধোবে না, বরং শুধুমাত্র সেই ঝুলন্ত প্রান্তটি ধোবে।” [11]

 

এখানে আমরা মুহাদ্দিসদের ভাষাগত বিশ্লেষণের আলোকে দেখলাম যে আলোচ্য হাদিসে আদৌ লিঙ্গ ধোয়া পানি দিয়ে বদনজরের চিকিৎসার কথা বলা হয়নি বরং যা ধোবার কথা বলা হয়েছে তা হল লুঙ্গির ভেতরের অংশ যা ঝুলন্ত অবস্থায় থাকে। কেউ কেউ বাংলা অনুবাদে “লজ্জাস্থান ধোয়া” কথাটি দেখে এই ব্যাপারে ভুল ধারণা করে।

 

লুঙ্গির ভেতরের অংশ ধোয়া ব্যতিরেকেও বদনজরের চিকিৎসায় শুধু ওযুর পানি ব্যবহারের উল্লেখ হাদিসে আছে। যেমনঃ

 

 عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ يُؤْمَرُ الْعَائِنُ فَيَتَوَضَّأُ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ الْمَعِينُ

অর্থঃ “আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তির বদ-নজর অন্যের উপর লাগতো, তাকে উযূ করার জন্য নির্দেশ দেওয়া হতো। এরপর ঐ পানি দিয়ে তাকে গোসল করানো হতো, যার উপর বদ-নজর লাগতো।” [12]

 

কোনো কোনো মুহাদ্দিসের মতে সুরা ফালাক ও নাস অবতীর্ণ হবার দ্বারা এভাবে কারো ওযুর মাধ্যমে অঙ্গ ধৌত করা পানি দ্বারা বদনজরপ্রাপ্ত ব্যক্তিকে গোসল করানোর বিধান মানসুখ বা রহিত হয়ে গেছে। যেমন, ইমাম তহাবী(র.) উল্লেখ করেছেন,

 

 اشْتَكَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَقَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: " بِسْمِ اللهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ , وَمِنْ كُلِّ حَاسِدٍ وَعَيْنٍ وَاللهُ يَشْفِيكَ " ⦗٣٤٢⦘ قَالَ: فَفِي هَذِهِ الْآثَارِ الِاكْتِفَاءُ بِالْمُعَوِّذَتَيْنِ , وَبِالرُّقَى , وَفِي ذَلِكَ مَا قَدْ دَلَّ عَلَى نَسْخِ الْغُسْلِ لَا سِيَّمَا مَا فِي حَدِيثِ عَبَّادٍ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ , وَعَيْنِ الْإِنْسِ , فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَهُمَا , وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ فَفِيهِ نَسْخُ الْغُسْلِ , وَمَا سِوَاهُ مِمَّا كَانَ يَفْعَلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ نُزُولِهِمَا عَلَيْهِ , وَاللهَ عَزَّ وَجَلَّ نَسْأَلُهُ التَّوْفِيقَ

অর্থঃ “আল্লাহর রাসুল (ﷺ) অসুস্থ হলেন, তখন জিবরিল (আ.) তাঁকে রুকইয়াহ (ঝাড়ফুঁক) করলেন এবং বললেনঃ "আল্লাহর নামে আমি আপনাকে রুকইয়াহ করছি এমন প্রতিটি বিষয় থেকে যা আপনাকে কষ্ট দেয়, এবং প্রতিটি হিংসুক ও কুদৃষ্টির অনিষ্ট থেকে। আর আল্লাহই আপনাকে আরোগ্য দান করবেন।" তিনি বলেনঃ এই বর্ণনাগুলোর মধ্যে মুআওবিযাতাইন (আশ্রয় প্রার্থনার দুই সূরা ফালাক ও নাস) এবং রুকইয়াহর ওপর নির্ভর করাই যথেষ্ট হওয়ার প্রমাণ রয়েছে। আর এর মধ্যে এমন দলিল রয়েছে যা [বদনজরের চিকিৎসায়] গোসল করার বিধান রহিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। বিশেষ করে আব্বাদের বর্ণিত হাদিসটি, যা জুরারি থেকে, তিনি আবু নাদাহ থেকে এবং তিনি আবু সাঈদ (রা.) থেকে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (ﷺ) জিনের কুদৃষ্টি ও মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর যখন মুআওবিযাতাইন অবতীর্ণ হলো, তখন তিনি এই দুটিকে গ্রহণ করলেন এবং এছাড়া অন্য সবকিছু বর্জন করলেন। সুতরাং এতে [ওযুর পানি দ্বারা] গোসলের বিধান এবং এই সূরা দুটি অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি (ﷺ) যা কিছু করতেন তা রহিত হওয়ার প্রমাণ রয়েছে। আর আমরা মহান ও পরাক্রমশালী আল্লাহর নিকট তাওফিক প্রার্থনা করছি।” [13]

 

যদিও এই বিধান রহিত হয়েছে কিনা তা নিয়ে মুহাদ্দিসদের মাঝে মতপার্থক্য আছে। কিন্তু বদনজরদাতার ওযুর পানি দ্বারা বদনজরপ্রাপ্তকে গোসল করানোর বিধান রহিত হয়ে যাবার অভিমতটিই অধিক যৌক্তিক। কারণ,

প্রথমত - এই মতটি সহীহ হাদিস দ্বারা সমর্থিত। সুরা ফালাক ও নাস নাজিল হবার পরে নবী (ﷺ) কর্তৃক এই দু’টিকে গ্রহণ করে অন্য সব কিছু বর্জন করার বিষয়টি সহীহ হাদিসে উল্লেখ রয়েছে। [14]

দ্বিতীয়ত - এছাড়া কে কাকে বদনজর দিয়েছে তা নিশ্চিতভাবে জানবার উপায় ও তার থেকে ওযুর পানি সংগ্রহের বিষয়টি কেবলমাত্র নবী (ﷺ) এর যুগেই সম্ভব ছিল। কেননা আল্লাহর নবী (ﷺ) এর পক্ষে ওহীর মাধ্যমে নিশ্চিতভাবে জানা সম্ভব ছিল কোনো ব্যক্তি আরেকজনকে বদনজর দিয়েছে কি দেয়নি। পরবর্তী যুগে কারো পক্ষে শতভাগ নিশ্চিত হয়ে এই কথা আদৌ বলা সম্ভব নয় যে, একজন ব্যক্তি অন্য কাউকে বদনজর দিয়েছে কিনা। পরবর্তী যুগে এভাবে চিকিৎসা করতে হলে স্রেফ অনুমানের ভিত্তিতে কারো থেকে ওযুর পানি সংগ্রহ করতে হবে।   

 

উপসংহারঃ

১। ইসলামী বিশ্বাস অনুযায়ী বদনজর সত্য। মানুষের হিংসা ও বিস্ময়মাখা দৃষ্টির সাথে জিন-শয়তানের সংযোগ দ্বারা এটি মানুষের অনিষ্ট করে।

২। বিজ্ঞান আজ পর্যন্ত বদনজর বা জিনের অস্তিত্ব আবিষ্কার করতে পারেনি এর অর্থ এই নয় যে এগুলোর অস্তিত্ব অসম্ভব।

৩। ইসলাম বদনজরের চিকিৎসায় লিঙ্গ ধোয়া পানি ব্যবহার করতে বলে – এহেন দাবি সঠিক নয়। বরং আল্লাহর স্মরণ, সুরা ফালাক ও নাসের দ্বারা বদনজরের অনিষ্ট থেকে বাঁচা যায়।

 

 

তথ্যসূত্রঃ


[1] সহীহ বুখারী, হাদিস নং : ৫৭৪০

https://www.hadithbd.com/hadith/bukhari/5740

[2] সুনান তিরমিযি, হাদিস নং : ২০৫৯

https://www.hadithbd.com/hadith/tirmidhi/2059

[3] মাওসু'আতুল ফিকহিল ইসলামী - মুহাম্মাদ বিন ইবরাহীম আত-তুওয়াইজিরী, খণ্ড ১, পৃষ্ঠা ৭৫৯

https://shamela.ws/book/37532/745

অথবা https://archive.is/wip/eNOm7 (আর্কাইভকৃত)

[4] কিতাবুর রূহ – ইবনুল কাইয়িম জাওযিয়্যাহ, খণ্ড ২, পৃষ্ঠা ৬০৭

https://shamela.ws/book/390/709

অথবা https://archive.is/wip/CvItX (আর্কাইভকৃত)

[5] এই ব্যাখ্যার স্বপক্ষে একটি হাদিস রয়েছে। নবী (ﷺ) বলেনঃ

 العَيْنُ حَقٌّ، وَيَحْضُرُهَا الشَّيْطَانُ، وَحَسَدُ ابْنِ آدَمَ

অর্থঃ “বদনজর সত্য এবং এতে শয়তান ও আদম সন্তানের হিংসার উপস্থিতি থাকে।“

ত্বারহুত তাসরিব ফি শারহিত তাক্বরিব - আবুল ফাদ্বল আল ইরাকী, খণ্ড ৮, পৃষ্ঠা ১৯৮

https://shamela.ws/book/11036/1986

অথবা https://archive.is/wip/xJgKC (আর্কাইভকৃত)

ইরাকী(র.) এর মতে এর সনদ জাইয়িদ (উত্তম), হাইসামী(র.) এর মতে বর্ণনাকারীগণ বিশুদ্ধ

https://dorar.net/h/6FLHHFoF { https://archive.is/wip/Dl1cY }

https://dorar.net/h/bgAaXXG3  { https://archive.is/wip/0BiwA }

আলবানী(র.) এর মতে এর সনদ দুর্বল

https://dorar.net/h/W4oeXxpG { https://archive.is/wip/9ZfCP }

[6] অক্সফোর্ড ডিকশনারি বিজ্ঞানবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে,

complete belief in scientific methods, or in the truth of scientific knowledge.

'বৈজ্ঞানিক কার্যপ্রণালী এবং বিজ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের সত্যতার ওপর সম্পূর্ণ ও অবিচল বিশ্বাস রাখা।'

এমআইটি-র পদার্থবিদ ইয়ান হাচিনসন বিজ্ঞানবাদের সংজ্ঞা দিয়েছেন এভাবে: 'প্রাকৃতিক বিজ্ঞানের আদলে তৈরি জ্ঞানই একমাত্র প্রকৃত জ্ঞান।' ("Scientism says, or at least implicitly assumes, that rational knowledge is scientific, and everything else that claims the status of knowledge is just superstition, irrationality, emotion, or nonsense."

Ian Hutchinson, Monopolizing Knowledge, p: 1.)

দার্শনিক টম সোরেল বলেছেন, এটি হলো 'জ্ঞানের অন্যান্য শাখার তুলনায় প্রাকৃতিক বিজ্ঞানকে অত্যধিক গুরুত্ব দেওয়া।' ("Scientism is a matter of putting too high a value on natural science in comparison with other branches of learning or culture."

Tom Sorell, Scientism: Philosophy and the Infatuation with Science, p: 15, (Preface).)

 

Science এবং Scientism-এর মধ্যকার পার্থক্য

অক্সফোর্ডের এই দুটি সংজ্ঞা গভীরভাবে লক্ষ করলে এদের মধ্যে প্রধান ৩টি পার্থক্য দেখা যায়:

১. পদ্ধতি বনাম মানসিকতা:

Science হলো একটি সুনির্দিষ্ট কার্যপদ্ধতি (Methodology)। এটি পরীক্ষা, নিরীক্ষা ও প্রমাণের মাধ্যমে জ্ঞান অর্জনের একটি সক্রিয় মাধ্যম।

Scientism কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি বা মানসিকতা (Attitude)। এটি বিজ্ঞানের অর্জিত ফলাফলের ওপর এক ধরণের চূড়ান্ত বিশ্বাস স্থাপন করাকে বোঝায়।

দার্শনিক টম সোরেল ঠিক এই মানসিকতার দিকটিই ইঙ্গিত করে বলেছেন, এটি হলো 'জ্ঞানের অন্যান্য শাখার তুলনায় প্রাকৃতিক বিজ্ঞানকে অত্যধিক গুরুত্ব দেওয়া।' অর্থাৎ, এটি কোনো নিরপেক্ষ বিজ্ঞানচর্চা নয়, বরং বিজ্ঞানের প্রতি এক ধরণের অন্ধ মোহ বা পক্ষপাতমূলক মানসিকতা।

 

২. বিজ্ঞানের পরিধি ও সীমাবদ্ধতা:

Science নিজেকে কেবল প্রাকৃতিক ও ভৌত জগতের (Natural and physical world) কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখে। যা পরীক্ষা করা যায় না, তা বিজ্ঞানের আওতাভুক্ত নয়।

Scientism দাবি করে যে, বৈজ্ঞানিক পদ্ধতিই একমাত্র নির্ভরযোগ্য পথ। এর বাইরে মানুষের আবেগ, নীতিশাস্ত্র, দর্শন বা আধ্যাত্মিকতার মতো অবস্তুগত বিষয়গুলোর কোনো স্বাধীন সত্যতা নেই।

এমআইটি-র পদার্থবিদ ইয়ান হাচিনসন বিজ্ঞানবাদের এই সংকীর্ণতাকে আরও স্পষ্টভাবে উন্মোচন করেছেন। তাঁর মতে, বিজ্ঞানবাদ ধরে নেয় যে, 'প্রাকৃতিক বিজ্ঞানের আদলে তৈরি জ্ঞানই একমাত্র প্রকৃত জ্ঞান এবং অন্য যা কিছু জ্ঞানের মর্যাদা দাবি করে, তা কেবলই কুসংস্কার, অযৌক্তিকতা, আবেগ বা অর্থহীন কথা।'

 

৩. প্রমাণের ওপর নির্ভরতা বনাম বিশ্বাসের ওপর নির্ভরতা:

Science সর্বদা প্রমাণের ওপর ভিত্তি করে দাঁড়ায় (Based on facts that you can prove)। নতুন কোনো শক্তিশালী প্রমাণ এলে বিজ্ঞান তার পূর্বের তত্ত্ব সংশোধন করতে দ্বিধা করে না। বিশ্ববিখ্যাত দার্শনিক কার্ল পপার বিজ্ঞানের এই বৈশিষ্ট্যকে আরও সুনির্দিষ্ট করে বলেছেন, বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হলো মিথ্যা প্রমাণের সুযোগ (falsifiability)। (In so far as a scientific statement speaks about reality, it must be falsifiable: and in so far as it is not falsifiable, it does not speak about reality.

Karl Popper, The Logic of Scientific Discovery, p. 316.

অর্থাৎ যে দাবি কোনোভাবেই ভুল প্রমাণ করা সম্ভব নয়, সেটি বৈজ্ঞানিক দাবিই নয়।

Scientism এর বিপরীত মেরুতে অবস্থান করে। এটি নিজেই একটি সম্পূর্ণ বিশ্বাসে (Complete belief) রূপ নেয়। বিজ্ঞানবাদীরা যখন দাবি করে 'বিজ্ঞানই একমাত্র সত্যের উৎস', তখন তাদের এই দাবিটিকে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে ভুল বা মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ তারা রাখে না। ফলে পপারের সূত্র অনুযায়ী, বিজ্ঞানবাদ নিজেই কোনো বৈজ্ঞানিক কাঠামোর মধ্যে পড়ে না; বরং এটি একটি অনমনীয় গোঁড়ামি।

অতএব, অক্সফোর্ডের সংজ্ঞার পাশাপাশি হাচিনসন ও সোরেলের বক্তব্য (Science + Religion Dialogue. (n.d.). What is scientism? DoSER. https://sciencereligiondialogue.org/resources/what-is-scientism/)

সূত্রঃ

"বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ" - মাওলানা মুহাম্মদ ইলিয়াছ রিফায়ী, মুসলিম বাংলা ওয়েবসাইট

https://muslimbangla.com/article/1176

অথবা https://archive.is/wip/Et7Tn আর্কাইভকৃত

[7] সুনান ইবন মাজাহ, হাদিস নং :  ৩৫০৯ (সহীহ)

https://www.hadithbd.com/hadith/link/?id=44473

[8] মুয়াত্তা মালিক, হাদিস নং : ১৭৪৬

https://www.hadithbd.com/hadith/link/?id=74643

[9] আল মাজমুউ’ শারহুল মুহাযযাব - ইয়াহইয়া বিন শারাফ আন নববী, খণ্ড ৯, পৃষ্ঠা ৬৭

https://shamela.ws/book/2186/4532

অথবা https://archive.is/wip/2PBPR (আর্কাইভকৃত)

[10] শারহ মুসলিম - ইয়াহইয়া বিন শারাফ আন নববী, খণ্ড ১৪, পৃষ্ঠা ১৭২

https://shamela.ws/book/1711/3203

অথবা https://archive.is/wip/68JGg (আর্কাইভকৃত)

[11] আল মুনতাক্বা শারহুল মুয়াত্তা - আবুল ওয়ালিদ আল বাজি, খণ্ড ৭, পৃষ্ঠা ২৫৭

https://shamela.ws/book/6684/2165

অথবা https://archive.is/wip/y8lIg (আর্কাইভকৃত)

[12] সুনান আবু দাউদ, হাদিস নং : ৩৮৪০ (সহীহ)

https://www.hadithbd.com/hadith/link/?id=35947  

[13] শারহু মুশকিলিল আছার - আবু জাফর আত তহাবী, খণ্ড ৭, পৃষ্ঠা ৩৪১

https://shamela.ws/book/22547/2899

অথবা https://archive.is/wip/gRT9u (আর্কাইভকৃত)

[14] দেখুনঃ সুনান ইবন মাজাহ, হাদিস নংঃ ৩৫১১ (সহীহ)। আরো দেখুনঃ তিরমিযী ২০৫৮, নাসায়ী ৫৪৯৪, মিশকাত ৪৫৬৩

https://www.hadithbd.com/hadith/ibn-majah/3511

 

সোশ্যাল লিঙ্ক ও অ্যাপ

সর্বাধিক পঠিত

সর্বশেষ পোস্টসমূহ